
মোঃ জসিম মিয়া,চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
”আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিন ব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ার নেতৃত্ব দেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিনসহ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।
সকাল থেকেই থানা পুলিশ পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মহড়া শুরু করে। পরে দলবদ্ধ ভাবে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট গোল চত্বরে সমবেত হয় পুলিশ সদস্যরা। জননিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতি জনগণকে সচেতন করা এবং পুলিশের সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে এ মহড়া পরিচালনা করা হয়।
এ সময় ওসি মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী কয়েকদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি মাদক বিরোধী অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, “পুলিশ জনগণের জানমাল রক্ষায় সবসময় প্রস্তুত রয়েছে। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাবে।” পুলিশের এ বিশেষ মহড়াকে ঘিরে পৌর শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই পুলিশের এমন উদ্যোগকে সময়োপযোগী ও জননিরাপত্তার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। জে/এ