বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন, ৩ জনের মৃত্যু-দণ্ড

[print_bangla]

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর পল্লী চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তার হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (১২ মে, ২০২৬) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রহিবুল ইসলাম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার মোট ২২ জন আসামির মধ্যে দোষী সাব্যস্ত হওয়া ৯ জনের বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়। বাকি ১০ জন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: টোকন সরদার, গাজীয়ার সরকার এবং বাবলু সরদার। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী, হাবিবুর রহমান হবি, হেলাল খাঁ, রায়হান সরদার, জিয়া মন্ডল ও জিল্লুর রহমান। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি জিয়া মন্ডল ও জিল্লুর রহমান আদালতে উপস্থিত থাকায় তাদের তাৎক্ষণিক কারাগারে পাঠানো হয়। এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল রশিদ মোল্লা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১৪ অক্টোবর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের একটি ওয়ার্ড সম্মেলন চলাকালে বর্তমান চেয়ারম্যান হাফিজুল ইসলামের সঙ্গে সাবেক চেয়ারম্যান আতর আলীর ছেলে বাবলু সরদারের কথা কাটাকাটি হয়।
এরই জেরে আতর আলীর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। সেই সময় পল্লী চিকিৎসক রেজাউল করিম (আবু ডাক্তার) কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে তাকে আটক করে নির্মমভাবে মারধর করা হলে তিনি গুরুত্বর আহত হন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হত্যাকাণ্ডের ঘটনায় মো. মোবারক মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০২২ সালের ৫ অক্টোবর পুলিশ তদন্ত শেষে ২২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। আদালত মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় প্রদান করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন, ৩ জনের মৃত্যু-দণ্ড

১৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top