
হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি-
কুষ্টিয়ার মিরপুরে ছিনতাইকারীর হামলায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে প্রায় দুই লাখ টাকা। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (৩১ মে) রাত ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- উপজেলা সদরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শাফায়াত আলী (২০) ও আব্দুস সামাদের ছেলে রাব্বি হোসেন (১৯)।
আহতদের পরিবার ও হাসপাতাল সূত্র জানিয়েছে, রাতে ভুট্টা বিক্রির ১ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে উপজেলার রামনগর থেকে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। তারা বাঁশবাড়িয়া মাঠের মধ্যে পৌঁছলে একদল ছিনতাইকারী তাদের ভ্যানের গতিরোধ করে। পরে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ১ লাখ ৮৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহতদের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে তাদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামাল উদ্দিন জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তাদের কাছে নেই। কেউ অভিযোগ নিয়ে এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জে/এ
