
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুব সমাজকে প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদে রূপান্তরের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। বুধবার (১০ জুন) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় পরিচালিত “সীমান্ত ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার” প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং যুব সমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
বিজিবি-১৪ সূত্রে জানা যায়, পত্নীতলা ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় কড়িয়া বিওপি ও ভূটিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২ টি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। কড়িয়া বিওপি সংলগ্ন প্রশিক্ষণ কেন্দ্রটি আগস্ট ২০২৪ সালে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ৩ টি ব্যাচে মোট ৩৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং বর্তমানে ৪র্থ ব্যাচে ১০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। অন্য দিকে, ভূটিয়াপাড়া বিওপির আওতাধীন ধলাহার ইউনিয়ন পরিষদে পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রটি ১৮ আগস্ট ২০২৪ থেকে কার্যক্রম চালিয়ে আসছে। সেখানে ইতোমধ্যে ৪টি ব্যাচে মোট ৬৯ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। বর্তমানে ৫ম ব্যাচে ৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণরত রয়েছে। জে/এ
