
ঠাকুর প্রসাদ রায়, সাভার, (ঢাকা) প্রতিনিধি-
স্থানীয় পর্যায়ে ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে ঢাকা জেলায় উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের জন্য সক্ষমতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকার সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ঢাকা জেলার বিভিন্ন উপজেলার ইউআরটি সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও কোর্স ডিরেক্টর হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা খানম। তিনি বলেন, গ্রাম আদালত হচ্ছে সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও ব্যয়-সাশ্রয়ী বিচারপ্রাপ্তির একটি কার্যকর মাধ্যম। এ ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও বাড়াতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। প্রশিক্ষণে সভাপতিত্ব ও কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন মোঃ শামীম হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, ঢাকা। তিনি গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে সমন্বয় বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন ইউআরটি সভাপতি হিসেবে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, দোহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম এবং নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম। তাঁদের অভিজ্ঞতা ও মতামত প্রশিক্ষণের আলোচনাকে আরও সমৃদ্ধ করে। ডিস্ট্রিক্ট রিসোর্স টিম (ডিআরটি)-এর সদস্য হিসেবে উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা; পরিচালক, জেলা তথ্য অফিস, ঢাকা এবং অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন। তাঁরা গ্রাম আদালতের কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি, নারী ও শিশু-বান্ধব সেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণ সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ঢাকা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল ফারুক গাজী। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ঠাকুর প্রসাদ রায়, জহির উদ্দিন, রোখসানা খান, মিজানুর রহমান এবং প্রকল্পের পিএফএ আসাদ হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। দিনব্যাপী প্রশিক্ষণে গ্রাম আদালত পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, রায় বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। জে/এ
