
এমএফএইচ রাজু | নাজিরপুর | ৯ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের নাজিরপুরে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রতন কুমার (৩১) ও বিজন মজুমদার (২৯) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) নাজিরপুর থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রতন কুমার নাজিরপুর উপজেলার হারানিয়া এলাকার মৃত নির্মল চন্দ্রের ছেলে। অপর ব্যক্তি বিজন মজুমদার পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ গাবতলা এলাকার সুশীল মজুমদারের ছেলে।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহাবুবের তত্ত্বাবধানে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা ইয়াবা জব্দ করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধজনক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।