এম এ রশীদ :
মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা পরিশোধের পর কথাকাটাকাটির জেরে রডের আঘাতে আলিফ উদ্দিন (৩৫) নামের এক টেইলার খুন হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার শাহবাজপুর বাজারের সায়পুর রেলক্রসিংয়ের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলিফ উদ্দিন উপজেলার আতুয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শাহবাজপুর বাজারের সায়পুর রেলক্রসিংয়ের পাশে ভেরাইটিস ব্যবসায়ী ইমাম উদ্দিনের সঙ্গে পাওনা ৯০ টাকা পরিশোধ নিয়ে আলিফ উদ্দিনের কথাকাটাকাটি হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী ইমাম উদ্দিন লোহার রড দিয়ে আলিফ উদ্দিনের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার পরিস্থিতি অবনতি ঘটে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত ইমাম উদ্দিনকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।