
কামরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি, জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলাতে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চা প্রসারে আয়োজিত মরহুম আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনালে মুখোমুখি হয় শাপলা শালুক ফুটবল একাদশ ও দিয়া এগ্রো ফুটবল একাদশ।
শুরু থেকেই খেলাটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে পুরো ম্যাচ। তবে শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে শাপলা শালুক ফুটবল একাদশকে হারিয়ে দিয়া এগ্রো ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টটির আয়োজন করে বগারপাড় ফুটবল একাডেমি এবং খেলার সঞ্চালনায় ছিলেন জে. এইচ. মানিক মিয়া।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ.কে.এম ফয়জুল কবির তালুকদার শাহীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি পলাশ মিয়া ফারুক, সরিষাবাড়ী পৌর বিএনপির দপ্তর সম্পাদক ইমরান হাসান রাহুল, ছাত্রদলের সাবেক সভাপতি কবির উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিনুর ইসলাম লেবু মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।