
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালি নদীর পানিতে ডুবে নিখোঁজের একদিন পর মারজিয়া খাতুনের (৬) ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। রোববার (১৪ জুন) সকাল ১০ টার দিকে উপজেলায় বাঙালি নদীর বথুয়াবাড়ি ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। নিহত মারজিয়া খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
থানা সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে মারজিয়া খাতুন বাড়ির পাশে বাঙ্গালি নদীর দাবুর বাড়ির ঘাট এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সে নদীর কুলে পানিতে নামে। সাঁতার না জানায় নদীর প্রবল স্রোতে সে পানিতে তলিয়ে যায়। অন্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর দেওয়া হলে ধুনট উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার রাজশাহী থেকে ডুবুরি দল এনে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ওই শিশুর সন্ধান করতে পারেনি। এ অবস্থায় নিখোঁজ শিশুর স্বজনরা রোববার সকাল থেকে নদীর বুকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ডুবে যাওয়া স্থান থেকে প্রায় ২ কিলোমিটার ভাটিতে বথুয়াবাড়ি ব্রিজের নিচ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জে/এ
