
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ কার্যক্রম-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য সম্ভাব্য মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ২৬ জুলাই অনুষ্ঠেয় সম্ভাব্য নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ ও ৩০ জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ ও সময় পরবর্তী গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এদিকে, ২৫ জুলাই অনুষ্ঠিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়া আবেদনকারীদের পরীক্ষা বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না।
উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও ফ্যামিলি কার্ডের তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ কার্যক্রম-২০২৬-এর স্বেচ্ছাসেবী নিয়োজিতকরণ নির্বাচন কমিটির সদস্য সচিব মো. আবুল হাসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।