
এমএফএইচ রাজু | পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর, এমপি।
রোববার (১৩ সেপ্টেম্বর) হাসপাতাল পরিদর্শনকালে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ ও সিভিল সার্জন।
পরিদর্শনের সময় দুই প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তাঁরা রোগীরা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না এবং চিকিৎসাসেবা নিতে কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবার পরিবেশ, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তাঁরা। রোগীদের যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনের একপর্যায়ে দুই প্রতিমন্ত্রী হাসপাতালের রোগীদের জন্য পরিবেশিত খাবারের মান ও পরিমাণও সরেজমিনে পরীক্ষা করেন। তাঁরা খাবারের গুণগত মান, প্রস্তুত ও পরিবেশনের প্রক্রিয়া এবং রোগীদের জন্য নির্ধারিত খাবার যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের জন্য নির্ধারিত খাবারের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, সরকারি হাসপাতালে সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত সরেজমিন পরিদর্শন ও তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।