
এমএফএইচ রাজু | পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরে সঠিক পরিমাপ ও পণ্যের মান নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথ অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, পিরোজপুর ও বিএসটিআইয়ের উদ্যোগে শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পিরোজপুর ফিলিং স্টেশনে ফুয়েল পরিমাপের ডিজিটাল মিটারের মেজারমেন্ট সঠিক না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া শহরের বলাকা ক্লাব রোডে অবস্থিত পানি পরিশোধনকারী প্রতিষ্ঠান মেসার্স কে এফ এন্টারপ্রাইজের বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে সঠিক পরিমাপ, মানসম্মত পণ্য নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে ভোক্তাদের অধিকার ও পণ্যের মান নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।