
আলী হোসেন,
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমিতে রোপণ করা ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার বুধন্তি ইউনিয়নের সেমরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সতীশ দেবনাথ (৫০) ও তপন দেবনাথ (৪৫) রয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেমরা গ্রামের সাধুচরণ দেবনাথের ছেলে সত্য দেবনাথসহ তার ভাইয়েরা শুক্রবার সকালে তাদের বাবার মালিকানাধীন জমিতে ধানের চারা রোপণ করেন। পরে একই গ্রামের আলী মিয়াসহ কয়েকজন ওই জমিতে গিয়ে রোপণ করা ধানের চারা উপড়ে ফেলে দেন বলে অভিযোগ। খবর পেয়ে সত্য দেবনাথ তার ভাইদের নিয়ে জমিতে গেলে আলী মিয়াসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে সতীশ দেবনাথ, তপন দেবনাথসহ কয়েকজন আহত হন।
আহত তপন দেবনাথ অভিযোগ করে বলেন, “আমার বাবার কেনা জমিতে দীর্ঘদিন ধরে আমরা চাষাবাদ করে আসছি। এবার ধানের চারা রোপণ করতে গেলে আলী মিয়া জমিতে এসে বাধা দেন। পরে রোপণ করা ধানের চারা উপড়ে ফেলে আমাদের মারধর করেন। এ বিষয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের বিষয়ে আলী মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জে/এ