
টেকনাফে এসআরবি-১৫ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। অদ্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ০২নং ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি একটি আভিযানিক দল টহল ডিউটি করাকালীন অদ্য ২৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ০৬টা ১০ মিনিটে টেকনাফ শাপলা সত্ত্বরে অবস্থানকালে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ পৌরসভার ০২নং ওয়ার্ডের জনৈক নুরুল হুদার বসতঘরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ৬টা ৪০মিনিটে এসআরবি-১৫ এর চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।
আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি দিক-বিদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অত্যন্ত দক্ষতার সাথে ৩ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে ধৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে, তাদের হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্য ও নিজ হাতে বের করে দেওয়া মতে, বসতঘরের পশ্চিম পাশের কক্ষের সানসেডের ওপর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। উক্ত বস্তার ভিতরে থাকা ৯টি প্যাকেটে সর্বমোট ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোঃ ছিদ্দিকের কাছ থেকে একটি কালো রঙের সিম্ফোনি বাটন মোবাইল এবং মোঃ ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই ৩৩ এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মোঃ ছিদ্দিক (৩২) এবং মোঃ ইয়াছিন (২৫)।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।