
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও কেক উৎপাদন ও বিক্রির দায়ে মালাই ফুডসের স্বত্বাধিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার জয়কালী বাজার এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও কেক উৎপাদন ও বিক্রির অপরাধে মালাই ফুডসের স্বত্বাধিকারী রুবেল মল্লিক (৩৫)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন,জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং খাদ্যপণ্যের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
জনস্বার্থে আনোয়ারা উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।