
এমএফএইচ রাজু | ঢাকা | ১ অক্টোবর ২০২৬
সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর তদন্ত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পরে পুলিশ সদর দপ্তরের ‘হল অব প্রাইড’-এ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তনশীল অপরাধের ধরন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রচলিত পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তি ও মেধানির্ভর পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যেই এই ইউনিটের যাত্রা শুরু হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন এই ইউনিট একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে ইউনিটটির দায়িত্ব দেওয়া হয়েছে।
বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) অথবা দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রমে দায়িত্ব পালন করবেন। থানা পর্যায়েও সাইবারকেন্দ্রিক সেবা ও তদন্তের জন্য ওসি’র নেতৃত্বে পৃথক এসআই, এএসআই ও কনস্টেবল পদায়ন করা হবে।
অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী নতুন এই ইউনিটের মোট জনবল নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৯২ জন। প্রাথমিকভাবে পুলিশের বিদ্যমান জনবলের অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্যদের পদায়ন করা হবে। পাশাপাশি নতুন নিয়োগের মাধ্যমেও জনবল পূরণ করা হবে।
আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা নিশ্চিত করতে ইউনিটটিতে চুক্তিভিত্তিক ও আউটসোর্সিংয়ের মাধ্যমে বিশেষজ্ঞ নিয়োগের ব্যবস্থাও রাখা হয়েছে। সিস্টেম অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট, ইমার্জেন্সি রেসপন্স কনসালটেন্ট ও ডিজাস্টার রিকভারি এক্সপার্টসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া পুলিশ বাহিনীর আইটি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে এই ইউনিটে নিয়োগের কথা জানানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তাদের দেশে-বিদেশে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সাইবার পুলিশ ইউনিটের অধীনে সর্বাধুনিক প্রযুক্তি ও সাইবার সরঞ্জামসমৃদ্ধ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের কথাও জানান তিনি। মানি লন্ডারিং, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অপরাধ, গুজব, আর্থিক অপরাধ, মাদক ও উগ্রবাদসহ প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে পুলিশের বিভিন্ন ইউনিটে বিচ্ছিন্নভাবে পরিচালিত সাইবার তদন্তের সমন্বয়হীনতা দূর করে এখন থেকে একটি সুসংগঠিত কাঠামোর অধীনে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে সাইবার স্পেসের অপব্যবহার এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধ প্রতিরোধ ও দমনে সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।