
এমএফএইচ রাজু | পিরোজপুর | ১ অক্টোবর ২০২৬
পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী (বেকুটিয়া) সেতুতে গত রাতে একটি কার্গো জাহাজ ধাক্কা দিয়েছে এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি সেতুর দিকে গিয়ে ধাক্কা দিলে সেতুতে কম্পন অনুভূত হয়। কোনো কোনো পোস্টে দাবি করা হয়েছে, ধাক্কার পর প্রায় দুই থেকে তিন মিনিট ধরে সেতুটি কেঁপে ওঠে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওসহ বিভিন্ন শিরোনামে বিষয়টি ছড়িয়ে পড়ে। তবে সেতুর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, কার্গো জাহাজটির পরিচয় কী এবং ঠিক কোন অংশে ধাক্কা লেগেছে এসব বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও সরেজমিন যাচাইয়ের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরেও বেকুটিয়া সেতুতে একটি কার্গো জাহাজের ধাক্কার ঘটনা ঘটেছিল। সে সময়ও ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।