শারদীয় দুর্গাপূজায় পঞ্চগড়ে নিরাপত্তা জোরদার করছে র‍্যাব-১৩

[print_bangla]

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার-

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩। রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল জোরদার এবং অপরাধ প্রতিরোধে বিশেষ নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এসে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র‍্যাব-১৩।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে র‍্যাব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। র‍্যাব-১৩ জানায়, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে সদস্য মোতায়েন, টহল কার্যক্রম জোরদার এবং স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পঞ্চগড়  জেলায় ২৬৮টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। বিশেষ করে পূজামণ্ডপকেন্দ্রিক যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব-১৩ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা প্রতিরোধে সাইবার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ধরনের কোনো তথ্য নজরে এলে তা যাচাই করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া গেলে তা র‍্যাবকে জানানোর অনুরোধ করা হয়েছে। র‍্যাব-১৩ আরও জানায়, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানিয়েছে সংস্থাটি। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন র‍্যাব-১৩-এর রংপুরের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আবু রোহানী পারভেজ রনি। বিজ্ঞপ্তিটি ১৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শারদীয় দুর্গাপূজায় পঞ্চগড়ে নিরাপত্তা জোরদার করছে র‍্যাব-১৩

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top