
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
মামলার এজাহারের বর্ণনামতে, ভিকটিম পিন্টু আকন্দ (৩৮) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সিও অফিস মোড় সংলগ্ন খন্দকার মার্কেটে তৌফিক এলাহী সুজনের লোটো শোরুমের ম্যানেজার পদে প্রায় ৩ বছর পূর্বে থেকে নিয়োজিত ছিল।
গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে দোকানে ক্রয় বিক্রয় শেষে রাত আনুমানিক ৯ টার সময় শোরুম বন্ধ করার জন্য মালামাল ঠিক করা এবং পরিষ্কার করার সময় অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন দুষ্কৃতিকারী শোরুমের ভিতর প্রবেশ করে এবং ভিকটিমের সাথে কথাবার্তার এক পর্যায়ে ভিকটিকে জোরপূর্বক টানাহেচড়া করে শোরুমের সামনে রাখা একটি সাদা HIACE মাইক্রোবাসে তুলে ফেলে। তখন ভিকটিমের চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুষ্কৃতিকারীরা ভিকটিমকে অপহরণ করে সাদা HIACE মাইক্রোবাসটি নিয়ে সিও অফিস মোড় হতে নওগাঁ সড়কের দিকে চলে যায়।
উক্ত সংবাদ পেয়ে ভিকটিমের পরিবার ঘটনাস্থলে এসে খোঁজখবর করতে থাকে । সিসি টিভির ফুটেজ বের করে দেখা যায় যে, সাদা HIACE মাইক্রোবাসটির রেজিঃ ঢাকা মেট্রো চ-১৫-৩২৬৮। খোঁজাখোজির এক পর্যায়ে ভিকটিমের পরিবার জানতে পারে যে, বগুড়া জেলার আদমদিঘী থানার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ হতে কোমরপুরগামী পাকা রাস্তার উপর জনৈক মোঃ তোফাজ্জল হোসেন এর পুকুরের উত্তর পাশে উক্ত সাদা HIACE মাইক্রোবাসে অপহরণকারীরা ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। উক্ত স্থানে গিয়ে দেখা যায় ভিকটিমের নাকে মুখে সাদা স্কচটেপ লাগানো এবং শোয়ানো অবস্থায় দু-হাত উপরের দিকে দেয়া আছে এবং নাক দিয়ে সামান্য রক্ত বের হচ্ছে।
গত ২২/১২/২০২৫ তারিখের ১১ টা ৫০ মিনিটের পূর্বেই যে কোন সময় ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ এসে ভিকটিমের লাশের সুরতহাল প্রস্থুত করে এবং ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতলে প্রেরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ১৪ তারিখঃ ২৩/১২/২০২৫ ধারাঃ ৩৬৪/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার পর থেকেই অজ্ঞাত আসামীগণ পলাতক ছিলেন।
ঘটনার রহস্য উৎঘাটনের জন্য এসআরবি-১২ সিপিএসসি বগুড়া তদন্ত শুরু করে, তদন্তের এক পর্যায়ে বিভিন্ন প্রত্যক্ষদর্শী এবং পুলিশের মাধ্যমে প্রাপ্ত সন্দিগ্ধ কিছু অভিযুক্তের প্রতি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (১৬ আক্টোবর) আনুমানিক রাতে সময় এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল এসআরবি-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প এর সহায়তায় নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন দক্ষিন দুলালপাড়া ১নং ওর্য়াডস্থ সারোয়ার এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে উক্ত ক্লুলেস হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোঃ সিয়াম হোসেন (ওরফে) সাহস (২৭), পিতা-রেজাউল করিম, সাং-জিনুইর, থানা-আদমদীঘি, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বগুড়া দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়।