
এম আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার –
নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন নাটোর জেলার পুলিশ সুপার।
দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তিনি নাটোর সদর হাসপাতালে গুরুতর আহতদের সঙ্গে কথা বলেন। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬ ) ভোর আনুমানিক ০৪:১৫ ঘটিকায় বড়াইগ্রাম থানাধীন বনপাড়া পৌরসভার সরদারপাড়া এলাকায় বনপাড়া-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বনপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ, বরাইগ্রাম থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় জনগণের সহযোগিতায় সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এ সময় নাটোর জেলার পুলিশ সুপার বলেন, “পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয়, বিপদে-আপদে মানুষের পাশে থাকা একটি মানবিক প্রতিষ্ঠানও। নিহতদের পরিবারের এই অপূরণীয় ক্ষতি পূরণ হওয়ার নয়। আমরা তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তকরণ, আহতদের চিকিৎসা এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
সড়ক দুর্ঘটনায় প্রতিটি প্রাণহানি একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং সতর্কতার সঙ্গে যানবাহন চালানো সবার দায়িত্ব। আর কোনো পরিবার যেন এমন হৃদয়বিদারক শোকের মুখোমুখি না হয় এটাই আমাদের প্রত্যাশা।