
এনামুল হক, স্টাফ রিপোর্টার: শিক্ষা বিস্তারে এক যুগ যাবৎ সাফল্যের দ্যুতি ছড়াচ্ছে হরিনাথপুর শিশু কানন বিদ্যানিকেতন স্কুল। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর গ্রামে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি সদ্য স্কুলে যাওয়া ক্ষুদে শিক্ষার্থীদের আশা ভরসার প্রতীক হয়ে উঠেছে। শিক্ষার্থীদের অভিভাবকগণ নির্দ্বিধায় তাদের সন্তানদের প্রথম পাঠ হিসেবে বেছে নেন এই প্রতিষ্ঠানটি। একদল প্রশিক্ষিত দক্ষ শিক্ষকের আদর আর মমতায় শিশুরা জীবনের প্রথম পাঠ গ্রহণ করে নিজেকে ভবিষ্যতের জন্যে প্রস্তুত করছে।
জানা গেছে, ২০১৪ সালে হরিনাথপুর হাটখেলার পাশে সোনামুখী হরিনাথপুর বাজার পাকা রাস্তার পাশে অবস্থিত এই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা রানা আহমেদ। বিদ্যালয়টির প্রতিষ্ঠার সাথে জড়িত রয়েছে এলাকার শিক্ষিত ও সৃজনশীল কিছু মানুষ। তাদের অনুপ্রেরণায় শুরু হওয়া এই প্রতিষ্ঠানে এখন শিক্ষার্থী সংখ্যা ১৬৯ জন। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুরা এই নিকেতনে পড়ালেখা করছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠান সাথে জড়িত রয়েছেন স্কুল শিক্ষক মাসুদ রানা সুলতান মাহমুদসহ অনেক শিক্ষানুরাগী মানুষ।
রানা আহমেদ জানান, প্রতিদিন নিয়মিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটি প্যারেড অনুষ্ঠিত হয়। একই সাথে সহশিক্ষা কার্যক্রমেও আমরা একধাপ এগিয়ে। এতে করে শিশুরা পড়ালেখার পাশাপাশি শরীর গঠন ও সৃজনর্শীল মেধা নিয়ে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। আনন্দের মাধ্যমে আমরা পাঠদান করে যাচ্ছি।
এক শিক্ষার্থী অভিভাবক জানান, এখানকার পড়ালেখার মান অনেক ভালো। বিদ্যালয়ের পরিবেশও মানসম্মত। বিধায় আমার সন্তানের প্রথম পাঠ এখান থেকেই শুরু করেছি।
বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম সারথী শিক্ষক মাসুদ রানা জানান, এই বিদ্যালয়টি শুরু থেকেই শিশুদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে পাঠদান করে যাচ্ছে। সুসজ্জিত ক্লাসরুম, মনোরম পরিবেশে শিশুদের এখানে পাঠদান করা হয়। এতে করে শিশুরা ক্লাসে অমনোযোগী থাকে না। তিনি আরও জানান, বিদ্যালয়টির সরকারিভাবে পাঠদানের অনুমতি আশু প্রয়োজন। আশা করছি কর্তৃপক্ষ বিদ্যালয়টির সবদিক বিবেচনা করে তার ব্যবস্থা করে শিশুদের পড়ালেখার পথকে সুগম করবেন।