
হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি-
ডেঙ্গু প্রতিরোধ এবং মশা-মাছির উপদ্রব কমাতে কুষ্টিয়ার কুমারখালীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকাল ১১টার দিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপর্ণা লতিফ আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. রাইসুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন কুমারখালী গড়ে তোলা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত পরিচালনার জন্য একটি কর্মপরিকল্পনা বা ‘ক্লিনিং ক্যালেন্ডার’ তৈরি করা হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ অভিযান শুরু হয়েছে। বিশেষ করে মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত অপরিচ্ছন্ন স্থানগুলো পরিষ্কার করা হচ্ছে। পর্যায়ক্রমে বড় বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানেও এ কার্যক্রম পরিচালিত হবে। ইউএনও আরও জানান, প্রতি শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রোববার শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ কার্যক্রম সফল করতে উপজেলাবাসীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সবার সহযোগিতায় পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত কুমারখালী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জে/এ
