
এমএফএইচ রাজু|ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পরিচ্ছন্ন ও সচেতন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে বিডি ক্লিনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক ও রিজার্ভ পুকুরপাড় এলাকায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচির আয়োজন করে বিডি ক্লিন ভান্ডারিয়া উপজেলা টিম। এ সময় সংগঠনের ১০ জন সদস্য বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে তিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বিডি ক্লিন ভান্ডারিয়া উপজেলা টিমের আইটি ও মিডিয়া সমন্বয়ক আল রিফাত বলেন, বিডি ক্লিনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সব জেলা, উপজেলা, বিভাগ ও মহানগরে একই সময়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভান্ডারিয়ায় এই আয়োজন করা হয়েছে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিন গত ১০ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি দায়িত্ব। একটি পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবন, সুন্দর সমাজ এবং উন্নত দেশের ভিত্তি গড়ে তোলে। ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা একটি সুন্দর, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে চাই।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘পরিচ্ছন্ন মানসিকতার মানুষ চাই’, ‘মানবিক বাংলাদেশ চাই’, ‘দায়িত্বশীল বাংলাদেশ চাই’, ‘ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই’, ‘হর্নমুক্ত বাংলাদেশ চাই’, ‘প্রতিহিংসামুক্ত বাংলাদেশ চাই’, ‘ভালোবাসায় সমৃদ্ধ বাংলাদেশ চাই’, ‘৩ জুনকে পরিচ্ছন্ন দিবস ঘোষণা করতে হবে’ এবং ‘পরিচ্ছন্ন বাংলাদেশ চাই’সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদর্শন করা হয়।
বিডি ক্লিনের সদস্যরা জানান, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।