
মাইনুল ইসলাম রাজু,
আমতলী (বরগুনা) প্রতিনিধি-
বরগুনার তালতলীতে বজ্রপাতে অলি উল্লাহ ফরাজী (১৬) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার সময় তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের পঁচাকোড়ালিয়া স্লুইসগেট সংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে। নিহত অলি উল্লাহ ফরাজী তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া স্লুইসগেট এলাকার লোকমান ফরাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মাছ ধরার জন্য নৌকা যোগে পায়রা নদীতে বড়শি ফেলতে যান বাবা লোকমান ফরাজী ও ছেলে অলি উল্লাহ।
সকাল ১১ টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ছেলে অলি উল্লাহ বজ্রপাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। নৌকায় থাকা বাবা লোকমান ফরাজী দ্রুত অচেতন ছেলেকে নিয়ে নদীর কিনারে আসেন এবং স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার করে তাকে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবা লোকমান ফরাজী কান্না জড়িত কন্ঠে বলেন, সকালে ছেলে এবং আমি পায়রা নদীতে মাছ ধরতে যাই। হালকা বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে ছেলে নৌকাতেই অচেতন হয়ে পরেন। এ সময় আমি দ্রুত কিনারে এসে আমতলী হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জে/এ
