বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ২৬শে ভাদ্র, ১৪৩৩

সিলেটের বিয়ানীবাজারে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

[print_bangla]

এম এ রশীদ :

সিলেট বিয়ানীবাজার উপজেলার বাগবাড়ি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান মুক্তার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও শাহজাদা মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সিলেটের প্রখ্যাত ব্যবসায়ী মো. আমিরুজ্জামান চৌধুরী (দুলু)।

অনুষ্ঠানে প্রধান বক্তার আসন অলংকৃত করেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রখ্যাত প্রধান শিক্ষক মো. কবির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যাংকার ও শ্রমিক নেতা আব্দুস শুকুর; বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, বিয়ানীবাজার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুদ দাইয়ান এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ অহিদ আহমদ তালুকদার।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিদ্যালয়ের উন্নয়নে প্রধান অতিথির বড় অংকের অনুদান ঘোষণা। প্রধান অতিথির বক্তব্যে মো. আমিরুজ্জামান চৌধুরী দুলু বাগবাড়ি এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন, যা উপস্থিত সুধীজন ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।

আলোচনা পর্বে অতিথিবৃন্দ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কাণ্ডারি। তাই উন্নত ও আধুনিক শিক্ষার আলোয় নিজেদের শিক্ষিত করে তুলে এলাকা, সমাজ এবং দেশ গঠনে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তারা কৃতি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সাথে, বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অক্লান্ত পরিশ্রম ও অবদান রেখেছেন, গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সালাম, বিদ্যালয় প্রতিষ্ঠার সময়কার সদস্য শামছুল ইসলাম মিনু ও নজরুল ইসলাম, ইতালি প্রবাসী সাংবাদিক তাজুল খান, এডহক কমিটির অভিভাবক সদস্য জামিল আহমদ এবং ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সুয়াইব আহমদ, আব্দুল মান্নান, আব্দুল মুকিত ও নজরুল ইসলাম প্রমুখ।শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিলেটের বিয়ানীবাজারে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

০৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top