
মালুমঘাট চা-বাগানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন তৎপরতা ও সভার অভিযোগ
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে গোপন বৈঠক ও রাজনৈতিক তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় নেতার বিরুদ্ধে। গত ২৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মালুমঘাট চা-বাগানের ৩ নম্বর ওয়ার্ডে আলী আহমদ সওদাগরের বাড়িতে রাতের অন্ধকারে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, সভাপতি আবুল কাশেম, মনজুর আলম, নুরুল ইসলাম ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও চা বাগান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাইহান উদ্দিনসহ
প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে গুপ্তচরবৃত্তির মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা এবং এর জন্য একটি বড় অঙ্কের ফান্ড সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক ও ফোরকান আহমদকে। অভিযোগ রয়েছে,এরা সমাজে সাধারণ মানুষের মুখোশ পরে ১০-১৫ জনের ছোট টিম তৈরি করে গোপনে সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এদিকে, এই গোপন তৎপরতা ও চক্রান্তের প্রতিবাদ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বর্তমান ও সাবেক সভাপতিদের ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জনগণের ভোটাধিকার হরণ এবং বিভিন্ন সময় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর দমনপীড়নের সাথে জড়িত এসব ব্যক্তি পুনরায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক ২০২৫ সালের ১২ মে জারিকৃত প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির নেতাকর্মীদের বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলনসহ যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত ছিল।
সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন মাধ্যমে সক্রিয় থাকার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা রুখতে অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও দলের নেতাকর্মীরা।