
ডেস্ক রিপোর্ট
ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য মোহাম্মদ আলমগীর (৪৬) নিহত হয়েছেন। তিনি সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। এ ঘটনায় ট্রাকচালকও আহত হয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ফতেহপুর এলাকায় এসআরবির একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। কাভার্ডভ্যানটি থামার পর পেছন থেকে আসা একটি ট্রাক সেটিতে ধাক্কা দেয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এরপর ট্রাকটি সড়কের পাশে দায়িত্বে থাকা এসআরবি সদস্য আলমগীরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ট্রাকচালক মো. সজিবও আহত হন।
সহকর্মীরা আলমগীর ও ট্রাকচালককে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।ট্রাক চালক সজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মোহাম্মদ আলমগীর নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শান্তিবাগ গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নুরুদ্দীন আহমেদ।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নোমান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলেগিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআরবি-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। চট্টগ্রামের এসআরবি কার্যালয়ে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।