
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে স্থানীয় পূজা মণ্ডপ পরিদর্শন এবং অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫ টায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে উপজেলার শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় অর্ধশত অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের হাতে পূজার উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এবং জোনের উপ-অধিনায়ক মেজর ইসরাক। এ ছাড়া অন্যান্যের মধ্যে পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পঞ্চম কর্মকার, বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে আশ্বস্ত করেন। স্থানীয় পূজা উদযাপন কমিটি ও সুবিধাভোগী পরিবারগুলো বিজিবির এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে। জে/এ
