
মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
যুব সমাজকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আজ রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলার ৪৫ টি যুব সংগঠনের নারী ও পুরুষ সদস্য ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে কৃষি সম্প্রসারন কর্মকর্তা লুৎফুন্নাহারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ ও অন্যান্য সহায়তা গ্রহণ করে স্বাবলম্বী হওয়া তিন যুবক মেহেদী হাসান, সুমন সরকার ও নয়ন ইসলাম তাঁদের সাফল্যের গল্প ও অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনা সভায় বক্তব্য দেন, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম শাহ, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, বেসরকারি উন্নয়ন সংস্থা কাম-টু-ওয়ার্কের উপনির্বাহী পরিচালক রাউফুল রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার প্রমুখ।
