
শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সক্রিয় ভূমিকার আহ্বান
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, পিরোজপুরের উদ্যোগে অনুষ্ঠিত এ সভা জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পাঠ্যাভ্যাস গড়ে তোলা, নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ, শৃঙ্খলা রক্ষা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে মোবাইল ফোন ও অনুরূপ ডিভাইসের অনিয়ন্ত্রিত ব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত অভিভাবকরা শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক বিকাশসংক্রান্ত বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা প্রশাসক সেগুলো গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা শিক্ষা অফিসার, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের মধ্যে এ ধরনের মতবিনিময় সভা শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের ইতিবাচক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।