
মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার, মামলা প্রক্রিয়াধীন
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। মাদক কারবার ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. মাহাবুবের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আশিকুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
গত ৮ আগস্ট বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ইন্দুরহাট বাজারসংলগ্ন অটোস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচা করছে।
অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন, মো. বিল্লাল হোসেন (৩২), মো. ফারুক হোসেন হাওলাদার (৩৮) ও মো. ইয়ামিন (৩০)।
পরে তাদের দেহ ও বহন করা ব্যাগ তল্লাশি করে বিল্লাল হোসেনের কাছ থেকে ১ কেজি এবং ফারুক হোসেন হাওলাদারের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়ামিন গাঁজা ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ১ কেজি ৫০০ গ্রাম। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক ব্যবসা, চোরাচালান ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।