
মোঃ জসিম মিয়া চুনারুঘাট প্রতিনিধি:
‘আসুন সবাই ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে অংশগ্রহণ করি’—এই আহ্বানকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশিরী এলাকায় মাদকবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর কালিশিরী গ্রামের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ৬ শতাধিক মানুষ কালিশিরী মদিনাতুল উলূম মাদ্রাসা মাঠে সমবেত হন। পরে সেখানে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালিশিরী মদিনাতুল উলূম মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা আব্দুল হান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কালিশিরী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নবীউর রহমান অপূর্ব।
সমাবেশে উপস্থিত ছিলেন কালিশিরী গ্রামের উলামায়ে কেরাম, মুরুব্বিয়ান, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন এলাকাবাসী।বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য হাজী সাত্তার, দক্ষিণ কালিশিরী হযরত বেলাল (রাঃ) জামে মসজিদের ইমাম হযরত মাওলানা তাজুল ইসলাম, কালিশিরী খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা ইয়াকুব মিয়া, মারকাজুন নূর মহিলা মাদ্রাসার নায়েবে মোহতামিম হযরত মাওলানা আব্দুল ওয়াহাব, শায়েস্তাগঞ্জ হোসাইনীয়া মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা ফারুক, আবদুল্লাহ আল মামুন, হযরত মাওলানা কাজী হোসাইন আহমেদ, মোহাম্মদ নাঈম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, যুবসমাজ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে।
সমাবেশে সার্বিক সহযোগিতা করেন ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার শেখ আব্দুল সত্তার।
সমাবেশ থেকে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে “মাদক ছেড়ে কলম ধরো, সুস্থ-সুন্দর জীবন গড়ো”—এই স্লোগানকে সামনে রেখে সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।