
এমএফএইচ রাজু | পিরোজপুর | ১৪ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, ভুয়া অস্ত্রের লাইসেন্স ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কাউখালী থানার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তার কাছে মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে শাওন ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। কার্তুজগুলোর গায়ে ‘Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া দুটি ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং একটি চামড়ার তৈরি অস্ত্রের কভার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাওন ইসলাম অপু শিয়ালকাঠী গ্রামের মৃত মো. শাখাওয়াত হোসেন ও মৃত বিউটি আক্তারের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের ও মামলা করার প্রস্তুতি চলছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।