
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
‘শিশুরাই আগামীর ভবিষ্যৎ’—এই প্রত্যয়কে সামনে রেখে শিশুদের নেতৃত্বের দক্ষতা, যোগাযোগ সক্ষমতা, দলগত কাজ, সমস্যা সমাধান ও সামাজিক ইতিবাচক পরিবর্তনে সম্পৃক্ত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ইমপ্যাক্ট+ ক্লাব শিশুদের বার্ষিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পটুয়া ফেডারেশন প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এডিপি-এর আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে ইমপ্যাক্ট+ ক্লাবের শিশু-কিশোররা অংশগ্রহণ করে।
সমাবেশে শিশুদের Self Development, Communication Skills, Teamwork, Leadership, Problem Solving, Goal Setting, Career Development ও Social Impact—এই আটটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন আলোচনা ও অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজনে শিশুদের নিজেদের মতামত প্রকাশ, সমস্যা চিহ্নিত করা এবং সম্মিলিতভাবে সমাধানের পথ খুঁজে বের করার সুযোগ দেওয়া হয়। বিশেষ করে ‘বলো সবাই মুখোমুখি, মানবে মানাই মর্যাদা’—এমন ভাবনাকে সামনে রেখে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ইতিবাচক আচরণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরা হয়। এসব সমস্যার সমাধানে নিজেদের ভূমিকা কী হতে পারে, সে বিষয়ে তারা দলগতভাবে আলোচনা করে। এর মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডমিনিক রিবেরু, প্রোগ্রাম অফিসার, ঠাকুরগাঁও এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রধান অতিথি ছিলেন মোঃ ফজলে রাব্বী, সদস্য, যুবদল আহ্বায়ক কমিটি, ঠাকুরগাঁও জেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন মোঃ রফিকুল ইসলাম, ইউপি সদস্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ লামিয়া আকতার, সভাপতি, এডিপি ইউনিয়ন।
বক্তারা বলেন, শুধু বইয়ের জ্ঞান নয়, একজন শিশুকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নেতৃত্ব, যোগাযোগ, দলগত কাজ, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমপ্যাক্ট+ ক্লাবের মতো কার্যক্রম শিশুদের এসব জীবনঘনিষ্ঠ দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করছে।
তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের কথা শোনা, মতামতকে গুরুত্ব দেওয়া এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইমপ্যাক্ট+ ক্লাবের শিশু-কিশোররা গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। তাদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
দিনব্যাপী এ সমাবেশ শিশুদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।