মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

মঠবাড়িয়ায় দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

[print_bangla]

এমএফএইচ রাজু | মঠবাড়িয়া | ১৪ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিপণি ভবন, খাল এবং উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের মঠবাড়িয়া উপজেলা পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালনা করা হয়।

সফরের শুরুতে গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক। পরে পশ্চিম মিঠাকালী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।

এরপর বড় মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের অভিভাবক সমাবেশে যোগ দেন জেলা প্রশাসক। সেখানে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং তাদের সার্বিক বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।

এ ছাড়া ৮ নম্বর বড় মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ, মঠবাড়িয়া বহুতলবিশিষ্ট বিপণি ভবন (ফিস মার্কেট) এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় স্থানীয় সরকার কার্যক্রম, বিপণি ভবনের সার্বিক অবস্থা এবং ভূমি-সংক্রান্ত সরকারি সেবা কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়।

দিনব্যাপী সফরের অংশ হিসেবে মিরুখালী-সাফা খালের ভাঙ্গাপোল এবং ধানীসাফা ইউনিয়নের ভাঙ্গাপোল থেকে মিরুখালী বাজার পর্যন্ত মডেল খাল পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় খালগুলোর বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

সফরের শেষ পর্যায়ে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসকের এ ধরনের মাঠপর্যায়ের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবা কার্যক্রমের বাস্তব চিত্র, স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।

জনসেবার মানোন্নয়ন, সরকারি কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের সরেজমিন কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মঠবাড়িয়ায় দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

১৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top