
এমএফএইচ রাজু | পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ)সহ মো. মিরাজ শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় পিরোজপুর সদর থানার পশ্চিম ডুমুরিতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শারিকতলা ইউনিয়নের পশ্চিম ডুমুরিতলা গ্রামের মিরাজ শেখের বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালায়। এ সময় তার দখল থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম আইস উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তার মিরাজ শেখ পশ্চিম ডুমুরিতলা গ্রামের মৃত আবুয়াল শেখ ও মৃত হাওয়া বিবির ছেলে।
পুলিশের তথ্যমতে, মিরাজ শেখের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি, মানিকগঞ্জ সদর, ঢাকা মহানগরের দারুস সালাম ও পল্টন, কক্সবাজারের টেকনাফ ও রামু এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। গ্রেপ্তার মিরাজ শেখ ও উদ্ধার করা আলামত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।