
কঁচা নদীতে তীব্র স্রোত, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস; সন্ধানে স্বেচ্ছাসেবীরা
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া | ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চলন্ত ফেরি থেকে কঁচা নদীতে পড়ে বাবুল নামে এক ফিশিং ট্রলারের মাঝি নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের চরখালী-টগড়া ফেরিঘাটের চরখালী প্লাটুনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ বাবুল মাঝি বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা। তিনি বঙ্গোপসাগরগামী একটি ফিশিং ট্রলারের মাঝি হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বিকেল ৫টার দিকে চরখালী প্লাটুনের কাছাকাছি এলাকায় চলন্ত ফেরি থেকে অসাবধানতাবশত কঁচা নদীতে পড়ে যান বাবুল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। নিখোঁজ বাবুলকে উদ্ধারে স্থানীয় স্বেচ্ছাসেবীরাও নদীর আশপাশে সন্ধান চালাচ্ছেন।
এদিকে ভাণ্ডারিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাবুল মাঝির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।