
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) বাঘা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম, বাঘা, রাজশাহীতে অত্র এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, যুবসমাজকে রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে “মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

এ অনুষ্ঠান সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
ডিআইজি বাঘা থানায় পৌঁছালে থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়।
সভায় ডিআইজি বলেন, অপরাধ দমনে পুলিশের একক প্রচেষ্টার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন। তিনি মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ, সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা, নারী ও শিশুর নিরাপত্তা এবং সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় পরিবার, সমাজ ও পুলিশের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময়কালে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, অনলাইন প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ এবং সামাজিকভাবে অপরাধের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভা শুরুর পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে সবুজায়ন ও পরিবেশ সুরক্ষার বার্তা হিসেবে ডিআইজি বাঘা থানা প্রাঙ্গণে একটি বৃক্ষের চারা রোপণ করেন। তিনি বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে ডিআইজি বাঘা থানার নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি, ভবনের বিভিন্ন অংশ ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং নির্ধারিত মান ও সময়সীমা অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, পুলিশ কর্মকর্তা এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১৬/৯/২০২৬