
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) রাজশাহী জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্স, রাজশাহীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম ।
তিনি ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চারঘাট উপজেলা ও বাগমারা উপজেলা এবং নারী বিভাগে চারঘাট উপজেলা ও গোদাগাড়ী উপজেলা দল মুখোমুখি হয়। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ডিআইজি।
পুরস্কার বিতরণ শেষে ডিআইজি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান। তিনি বলেন, ক্রীড়া আয়োজন তরুণদের শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।