
টেকনাফে চাঞ্চল্যকর নৈশপ্রহরী হত্যা মামলার আসামি মোহাম্মদ আইয়ুব গ্রেফতার
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন চাকমাপাড়া পাতাবাড়ি সংলগ্ন গহীন অরণ্য ও পাহাড় বেষ্টিত এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর নৈশপ্রহরী হত্যা মামলার ৮নং এজাহারনামীয় আসামি মোহাম্মদ আইয়ুব(২৮)’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (সিপিসি-১, টেকনাফ ক্যাম্প)।
অদ্য ২৩ সেপ্টেম্বর ভোর আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ আইয়ুব (২৮) টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মৃত ইলিয়াস মিয়া ও আমেনা খাতুন দম্পতির ছেলে। অভিযানকালে তার নিকট থেকে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে ভিকটিম মৃত নাজির হোসেনের শ্যালক খোরশেদ আলমের নিকট চাঁদা দাবি করে আসছিল। গত ৭ সেপ্টেম্বর আসামিরা ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে গত ৯ সেপ্টেম্বর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ায় জাহাঙ্গীর আলম(২৮) এর কাছে পুনরায় চাঁদা দাবি ও মারধরের ঘটনা ঘটে। উক্ত ঘটনার প্রতিবাদ করতে গেলে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র (কিরিচ, ছোরা, লোহার রড ও ইট) দিয়ে নৃশংসভাবে হামলা চালায়।
হামলার একপর্যায়ে ভিকটিম নৈশপ্রহরী মৃত নাজির হোসেন বাধা দিতে এলে আসামিরা তাকেসহ অন্যান্য লোকদের উপুর্যুপরি হামলা করে। অভিযুক্ত আসামিরা ছোরা, কিরিচ ও রডের এলোপাতাড়ি আঘাত এবং বুকের ওপর পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে নৈশপ্রহরী নাজির হোসেনের মৃত্যু নিশ্চিত করে। এছাড়া অন্য ভিকটিমগণও গুরুতর জখম হন। স্থানীয়রা ভিকটিমদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন এবং অন্য আহতদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।