
মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আরিফ হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। আজ (২৩ সেপ্টেম্বর) বুধবার সকালে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নং প্ল্যাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজে ওঠার সিঁড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন শৌলমারী গ্রামের মজিবর মিয়ার পুত্র।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, পার্বতীপুর রেলওয়ে থানার এসআই শাখাওয়াত হোসেন সঙ্গীও অফিসার ও ফোর্সসহ স্টেশনে মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে আরিফের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে এই ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী কালের কণ্ঠকে বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (০১) ধারার ১৯(খ) মোতাবেক ০৪ নম্বর মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া সহ অন্যান্য আইনগত বিষয়সমূহ প্রক্রিয়াধীন রয়েছে। জে/এ
