
নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-
রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি খোশবাড়ী এলাকায় মাদকবিরোধী এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০ লিটার তাড়িসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোঃ বাবর আলী শেখ (৪৫), তিনি স্থানীয় শুকুর আলী শেখের ছেলে। গতকাল রবিবার (৩ মে) বিকেল ৫:৩০ ঘটিকায় রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত একটি টিম এই অভিযানে অংশ নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে খোশবাড়ী এলাকায় বাবর আলী শেখের বসতঘরে তল্লাশি চালানো হয়। এসময় তার হেফাজত থেকে ২০ লিটার তাড়ি উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে আদালত পরিচালনা করেন। অপরাধ স্বীকার করায় আসামিকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জে/এ
