
দিপংকর বনিক, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের দিরাইয়ে পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রধান কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। গতকাল সোমবার (১১ মে) সকাল ১১টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও জোবায়েদ হোসেন শাহীন সঞ্চালনায় বক্তব্য রাখেন, দিরাই মডেল ফারিয়ার সভাপতি এনামল হক সরদার, সাধারণ সম্পাদক তৌহিদ আহমেদ, সংগঠনে সদস্য বায়েজিদ হোসেন,মোঃ মানিক মিয়া, জুবায়ের আহমেদ, তানিম আহমেদ,ফারুক আহমেদসহ দিরাই মডেল ফারিয়া (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন) আয়োজিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন, তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত জনগোষ্ঠী। তারা দিনরাত পরিশ্রম করে চিকিৎসকদের কাছে চিকিৎসাবিজ্ঞানের আধুনিক তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যখাতে দক্ষ কারিগরের ভূমিকা পালন করছেন। অথচ বর্তমানে তাদের পেশাগত নিরাপত্তা ও সামাজিক মর্যাদা সংকটের মুখে।
বক্তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন সময় কর্মক্ষেত্রে তারা নানা লাঞ্ছনা ও প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। অবিলম্বে তাদের পেশার রাষ্ট্রীয় স্বীকৃতি, কাজের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন শেষে ব্যানার পোস্টারসহ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের হাতে স্মারকলিপি তুলে দেন।