
মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের চারবান্দা বাজারে অভিযান চালিয়ে বিল্লাল গাজী (পিতা: মৃত বাবর আলী গাজী) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বিল্লাল গাজী দীর্ঘদিন ধরে চারবান্দা বাজার ও আশেপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এলাকায় সে একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে এই অবৈধ কারবার চালিয়ে আসছিল।
নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা, অধরা ‘গাঁজা সম্রাট’
বিল্লাল গাজী গ্রেফতার হলেও এলাকায় এখনো তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই মাদক সিন্ডিকেটের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, চারবান্দা বাজারে বসবাসকারী কিছু ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বিল্লাল এতদিন নির্বিঘ্নে এই ব্যবসা চালিয়েছে। নেপথ্যে থাকা এই গডফাদারদের আশ্রয়-প্রশ্রয়ের কারণেই মূলত বাজারটি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
এলাকাবাসীর দাবি: কঠিন শাস্তির আওতায় আনা হোক সবাইকে
বিল্লাল গাজীর গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করলেও ক্ষোভ কমেনি এলাকাবাসীর। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, শুধু চুনোপুঁটি বিল্লালকে ধরলেই চারবান্দা বাজার মাদক (মুক্ত) হবে না। এর পেছনে থাকা মূল হোতা এবং বাজারে অবস্থানকারী সমস্ত সহযোগীদেরও অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার করা হোক এবং তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করে এলাকাকে মাদকমুক্ত করা হোক।
ডিবি পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরও গ্রেফাতারের চেষ্টা চলছে।