
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার-
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা (পুরাতন পঞ্চগড়) এলাকায় জেলা প্রশাসন, পুলিশ ও আনসারের যৌথ অভিযানে ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি হলেন ধাক্কামারা গ্রামের মোহাম্মদ আব্দুল মোমেনের ছেলে মোহাম্মদ মিজানুর রহমান (৩৮)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মিজানুর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ির দক্ষিণ পাশের সীমানা প্রাচীরসংলগ্ন খড়ের গাদার নিচ থেকে ৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া বাড়ির পূর্ব পাশের সীমানা প্রাচীরসংলগ্ন স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ফেনসিবিল-১২ বোতল ও উইনসেরেক্স-১৫ বোতলসহ মোট ২৭ বোতল ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার করা হয়। প্রতি বোতলে ১০০ মিলিলিটার হিসেবে মোট ২ হাজার ৭০০ মিলিলিটার বা ২ দশমিক ৭ লিটার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
অভিযানকালে মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থের আনুমানিক মূল্য ৫৫ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত আলামতের নমুনা সংগ্রহ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় আটক মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার অপর আসামি মোহাম্মদ বাবুল হোসেন (৪০) পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে। জে/এ
