
শেখ আব্দুল্লাহ,
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধা মায়ের অসহায় জীবনযাপনের ঘটনা স্থানীয়দের মধ্যে চরম মানবিক উদ্বেগ সৃষ্টি করেছে। বাপের বাড়ি ও ছেলের বাড়ি দুই জায়গাতেই ঠাঁই না পেয়ে তিনি গত দুই বছর ধরে পথে পথে ঘুরে দিন কাটাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারশত ইউনিয়নের বেয়ালিয়া গ্রামের বাসিন্দা সুয়া বিবি (৮০) গত চার দিন ধরে একটি মসজিদের সামনে বসে আছেন। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা এখনও অপেক্ষা করছেন কেউ তাকে বাড়িতে নিয়ে যাবে এই আশায়। কিন্তু সেই অপেক্ষার যেন শেষ নেই।
পারিবারিক সূত্রে জানা যায়, সুয়া বিবির স্বামী মোহাম্মদ ইসহাকের মৃত্যুর পর তিনি দীর্ঘদিন বাপের বাড়িতে বসবাস করতেন। তাঁর ছেলে সোলেমান ঈদের আগে মাকে নিজের বাড়িতে নিয়ে গেলেও প্রায় দুই মাস আগে পুত্রবধূ তাকে ঘর থেকে বের করে দেন বলে অভিযোগ রয়েছে। এদিকে, বাপের বাড়িতেও তার ঠাঁই হয়নি। অভিযোগ রয়েছে, বেয়ালিয়া গ্রামের জাগিরপাড়া এলাকায় বসবাসরত তাঁর ভাইপো মোহাম্মদ তৈয়ব ও তাঁর স্ত্রী মুন্নি আক্তার শারীরিক ও মানসিক নির্যাতন করে তাকে ঘর থেকে বের করে দেন। ছেলে সোলেমান এ বিষয়ে ভিন্ন দাবি করেন। তিনি বলেন, “আমার জন্মের ৪০ দিনের মাথায় আমার বাবা মারা যান। পরে আমাকে অন্যত্র লালন-পালন করা হয়। মায়ের সঙ্গে আগে তেমন পরিচয় ছিল না। পরে যোগাযোগ হওয়ার পর কয়েকবার বাড়িতে এনে রাখার চেষ্টা করেছি, কিন্তু তিনি থাকতে চান না। তিনি নিজেই বিভিন্ন জায়গায় চলে যান।”
স্থানীয় বাসিন্দা হাজী মোহাম্মদ আবু সৈয়দ বলেন, “বয়সের কারণে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। কথাবার্তাও এলোমেলো বলেন। একেক সময় একেক কথা বলেন।” এ বিষয়ে আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনির উদ্দিন জুয়েল বলেন, আমরা বৃদ্ধার ছেলের সঙ্গে কথা বলেছি। সে কয়েকবার মাকে রাখার চেষ্টা করেছে বলে জানিয়েছে। তবে বর্তমানে আমরা বৃদ্ধার জন্য একটি আশ্রয়কেন্দ্রে রাখার ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছি।” স্থানীয় সচেতন মহল বলছে, একজন বৃদ্ধা মায়ের এভাবে অবহেলিত জীবনযাপন সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। তারা দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। জে/এ
