বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন- সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নেতাকর্মীদের

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা যুবদলের নেতা ও সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. জিয়া উদ্দিন বাবলুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডের কালেমা চত্বরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, গত ২৩ জুলাই দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত জিয়া উদ্দিন বাবলুর বাড়িতে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে তিনি বাধা দিলে হামলাকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ঘরের বাইরে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠান।

মানববন্ধনে বক্তারা বলেন, গভীর রাতে একটি বাড়িতে প্রবেশ করে একজন রাজনৈতিক নেতার ওপর এমন নৃশংস হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্থানীয় জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে। তাই প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান আরিফ, যুবদল নেতা আনিচুর রহমান অলি আকন, পৌর যুবদলের সভাপতি মো. মেহেদী হাসান মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক তালুকদার আহম্মেদ মারুফ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আল-আমিন মুন্সী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন হিরন, রিয়াজুল ইসলাম শাহীরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হামলার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন- সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নেতাকর্মীদের

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top