
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের হেতালিয়া-চরখালী এলাকার বাসিন্দা কহিনুর বেগম (৬৪) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠা ও উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের।
পরিবার সূত্রে জানা গেছে, কহিনুর বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি বিভিন্ন সময় বরিশালের চরমোনাইসহ দেশের বিভিন্ন ধর্মীয় স্থানে চলে যেতেন এবং কয়েকদিন পর আবার নিজ বাড়িতে ফিরে আসতেন। তবে এবার ব্যতিক্রম ঘটেছে। চলতি বছরের জুন মাসের আনুমানিক ১০ তারিখের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি।নিখোঁজ কহিনুর বেগম ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হেতালিয়া-চরখালী গ্রামের বাসিন্দা।
তার ছেলে মো. ইব্রাহিম হোসেন জানান, নিখোঁজ হওয়ার আগে তার মা কিছুদিন বরিশালের চরমোনাই ময়দানে অবস্থান করেছিলেন। পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনার উদ্দেশ্যে সেখানে খোঁজ করতে গেলে আর তাকে পাওয়া যায়নি।
পরবর্তীতে স্থানীয় কয়েকজনের মাধ্যমে জানতে পারেন, কহিনুর বেগম এক নারীর কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়ে হজে যাওয়ার কথা বলে সেখান থেকে অন্যত্র চলে যান। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের মাধ্যমে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই মাস ধরে নিরন্তর খোঁজাখুঁজির পরও কোনো তথ্য না পাওয়ায় তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন। এ বিষয়ে এখনো থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলেও জানা গেছে।
নিখোঁজ কহিনুর বেগমের বয়স প্রায় ৬৪ বছর। তার সন্ধান বা অবস্থান সম্পর্কে কোনো ব্যক্তি তথ্য জানলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭৬৪-৭০৫২৬৭
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মানবিক সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি বেশি বেশি প্রচার ও শেয়ার করে নিখোঁজ বৃদ্ধার সন্ধান পেতে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।