
কক্সবাজার রামু গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া: হাজারো স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে মাঠে নেমেছেন হামিদুল হক
মোঃ মোরশেদ, (জেলা প্রতিনিধি) কক্সবাজার।
আসন্ন ১৩শ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো দেশবাসীর পাশাপাশি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নেও। আর এই আনন্দ-উচ্ছ্বাসের জোয়ারে গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে এক অন্যরকম উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অবহেলিত ও সুবিধাবঞ্চিত ৩নং ওয়ার্ডের সাধারণ মানুষের হাজারো স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এবার কোমর বেঁধে মাঠে নেমেছেন তরুণ ও জনবান্ধব ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হক।
পেশায় একজন ব্যবসায়ী হলেও হামিদুল হক দীর্ঘদিন ধরে নিজের আয়ের একটি অংশ ব্যয় করছেন এলাকার অসহায় মানুষের কল্যাণে। শুধু নির্বাচন এলেই নয়, বিগত দিনগুলোতেও তিনি সাধ্যমতো এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন তিনি।
এছাড়া দীর্ঘদিন ধরে এলাকার গরিব-অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান, গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই তথা ঘর নির্মাণের ব্যবস্থা করা, অসুস্থ রোগীদের সুচিকিৎসায় সহায়তা এবং ভাঙা রাস্তাঘাট নিজ উদ্যোগে মেরামত করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে ৩নং থোয়াংগা কাটা এলাকার মানুষের কাছে তিনি দীর্ঘদিন ধরে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে আছেন।
আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা ও ইশতেহারে রয়েছে জনগণের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে হামিদুল হক ৩নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে এক সুদূরপ্রসারী ও যুগোপযোগী পরিকল্পনা ঘোষণা করেছেন।
তার মূল এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণ, কালভার্ট ও ব্রিজ নির্মাণ এবং ভাঙা রাস্তাগুলো দ্রুত সংস্কার করা।
পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করা এবং বর্ষাকালে জলাবদ্ধতা দূর করতে নতুন ড্রেন নির্মাণ করা। এলাকার অন্ধকারাচ্ছন্ন রাস্তা ও মহল্লায় সোলার প্যানেল এবং স্ট্রিট লাইট স্থাপন করে পুরো ওয়ার্ডকে আলোকিত করা।
সামাজিক নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত ভাতা বিতরণে তিনি বলেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ভিজিডি/ভিজিএফ কার্ড বিতরণে যেকোনো ধরনের স্বজনপ্রীতি ও দুর্নীতি চিরতরে দূর করে প্রকৃত দুস্থদের মাঝে সঠিক বণ্টন নিশ্চিত করা।
মক্তব, স্কুল ও মাদ্রাসার সার্বিক উন্নয়ন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসারে ক্রীড়া সামগ্রী প্রদান এবং একটি মাদকমুক্ত সমাজ গঠন।
কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান বৃদ্ধি এবং গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় বিশেষ সহায়তা প্রদান। এলাকায় চুরি, ছিনতাই ও মাদকের বিস্তার রোধে কঠোর ভূমিকা রাখা এবং স্থানীয় পর্যায়ে যেকোনো ছোটখাটো বিবাদ নিরপেক্ষভাবে মীমাংসা করা।
জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ ও ওয়ারিশান সনদসহ অন্যান্য সরকারি সেবা হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বিশেষ করে কারো স্বাক্ষর বা দাপ্তরিক কাজের প্রয়োজন হলে প্রবীণ ও অসুস্থদের বাড়িতে গিয়ে সেবা প্রদান এবং সরকারি প্রতিটি বরাদ্দ সরাসরি গরিব মানুষের হাতে পৌঁছে দেওয়া।
এলাকাভিত্তিক সুনির্দিষ্ট দাবি ও উন্নয়নের প্রতিশ্রুতিতে ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লার সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে তা সমাধানের সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন হামিদুল হক।
তাঁর উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে, শিয়া পাড়া, মৌলভী ঘোনা, হরিণ পাড়া, ঘোনার পাড়া ও থোয়াংগা কাটা এলাকার কাঁচা রাস্তাগুলো সংস্কার ও টেকসই করা।
শিয়া পাড়া এলাকায় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা। শিয়া পাড়া ও হরিণ খাইয়া খালের ওপর একটি নতুন ব্রিজ নির্মাণ করা।
থোয়াংগা কাটা স্টেশন হতে ঘোনার পাড়ার রাস্তা ডাবল ইট দ্বারা বাজেটের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা। হরিণ পাড়ার বিদ্যুৎবিহীন এলাকাকে বৈদ্যুতিক আলোর আওতায় আনা।
হরিণ পাড়া টু শিয়া পাড়া এবং দক্ষিণ থোয়াংগা কাটা থেকে জুমছড়ী স্টেশন পর্যন্ত রাস্তা ডাবল ইট দ্বারা পাকা করার উদ্যোগ নেওয়া। নদীভাঙন রোধে রাস্তার পাশের নদীতে বল্লি স্পার বসানোর বাজেট বাস্তবায়ন করা।
৩নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত এবং শতভাগ মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি দলমত নির্বিশেষে গর্জনিয়া ইউনিয়নবাসী তথা ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।