
দায়িত্ব পালনে সক্ষমতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগ
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৬টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (১১ আগস্ট) এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে পোশাক ও বাইসাইকেল তুলে দেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।
এ সময় তিনি বলেন, গ্রাম পুলিশ স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। আইন-শৃঙ্খলা রক্ষা, সরকারি বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া, দুর্যোগকালীন সহায়তা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, গ্রাম পুলিশদের কর্মদক্ষতা ও সেবার মান বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ে জননিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে উপজেলা যুবদল নেতা নাজমুল হাসান আরিফ, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, পোশাক ও বাইসাইকেল বিতরণের ফলে গ্রাম পুলিশ সদস্যদের কর্মতৎপরতা ও চলাচলের সক্ষমতা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।